ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মুসা যথাযথ অনুমতি নিয়েই হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। তিনি হাম রোগে আক্রান্ত রোগীদের অবস্থা সম্পর্কে তথ্য ও সাক্ষাৎকার সংগ্রহ করছিলেন। এ সময় কর্তব্যরত এক নারী চিকিৎসক হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
পরবর্তীতে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে ঘটনাস্থলে উপস্থিত দেশ টেলিভিশনের ক্যামেরাম্যান কাওসার মিয়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন আহমেদ এবং স্থানীয় অনলাইন টেলিভিশনের প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
একই সুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন জানান, সংশ্লিষ্ট সাংবাদিক অনুমতি নিয়েই সংবাদ সংগ্রহ করছিলেন। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সর্বশেষ