সারাদেশ
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের কাছে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল খন্দকার, সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হক আযীযি প্রমুখ।
মনোনয়ন জমা শেষে প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মাজেদ বাবু বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে এ পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
সর্বশেষ