আইন-আদালত
ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে ভালুকা থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ (৭৫) উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন। আন্দোলন চলাকালে শাহবাগে দাঁড়িয়ে তিনি জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বক্তব্য দেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তিনি ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় যান। এ সময় জামায়াত ও শিবিরের কয়েকজন নেতা তাকে শনাক্ত করে বিষয়টি ওসিকে অবহিত করলে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, “আমাদের নেতারা ছিলেন নির্দোষ, অথচ তাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আজ সেই সময়ের এক দোসরকে পুলিশ গ্রেফতার করেছে—আমরা এর জন্য কৃতজ্ঞ।”
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর বলেন, “জামায়াত-শিবির নেতাদের অভিযোগের পর আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। পরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।”
সর্বশেষ