সারাদেশ

রাজপথে মতপ্রকাশের মূল্য জীবন: গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু

আনন্দ পত্রিকা ডেস্ক। ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
news image

বিজয়নগরে সন্ত্রাসী গুলিতে ঝরে গেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি: গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।


প্রকাশিত তথ্যে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ১২ ডিসেম্বর গণসংযোগ কার্যক্রম শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় অবস্থানকালে চলন্ত একটি মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়।


চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


সর্বশেষ