ময়মনসিংহ

আইন নয়, টাকা কথা বলে, মাদকসহ আটক, তারপর টাকার বিনিময়ে মুক্তি

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৯ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
news image

ময়মনসিংহ নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে গ্রেফতারকৃত আসামিকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আওতাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই তুহিন, কনস্টেবল সুরুজজামান ও কনস্টেবল মনিরুজজামান নগরীর আকুয়া ইসলাম একাডেমি রোড এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেন। স্থানীয়দের দাবি, আটককৃতদের কাছে ইয়াবা ও গাঁজা থাকার তথ্যও ছিল।

তবে বিস্ময়করভাবে, আটক দুই ব্যক্তিকে থানায় সোপর্দ না করে নগদ প্রায় ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শনিবার দুপুরে ঘটে বলে জানা যায়, এবং সন্ধ্যার মধ্যেই তাদের মুক্তি দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, মাদকবিরোধী অভিযানের নামে এ ধরনের অনিয়ম জনসাধারণের আস্থা নষ্ট করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম ময়মনসিংহ নগরীকে শান্ত ও নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা মনে করেন। তবে কিছু অসাধু সদস্যের কর্মকাণ্ড সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে।

সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে। এখন দেখার বিষয়—অভিযোগের সত্যতা কতটুকু এবং কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

সর্বশেষ