মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ |•১২ আগস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
50 Views
ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। পরিদর্শনে আসার পর বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, ভূমি সেবা প্রদান এবং দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন,“ভূমি সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। ভূমি অফিসের সেবাগুলো দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে হবে। সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।”
জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় এবং সেবার মান আরও উন্নত করার পাশাপাশি ভূমি সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা বলেন,“বিভাগীয় কমিশনার স্যার পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমানো এবং দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী ভূমি সেবার মান আরও উন্নত করতে ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং কানুনগো দেলোয়ার হোসেন, পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।