আইন-আদালত

আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে ছিনতাইকারী আটক

সুমন মাহমুদ শেখ মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
news image

ঢাকা–মোহনগঞ্জ রুটে চলাচলরত আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশন সংলগ্ন কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ধারালো ছুরি, নগদ চার হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ত্যাগ করে মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর কিছুদূর অগ্রসর হতেই ওই দুই যুবক ধারালো ছুরি দেখিয়ে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় যাত্রীদের চিৎকার শুনে পাশের বগিতে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেন। পরে ভোরে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছালে আটককৃতদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মো. মেহেদী হাসান তানভীর (১৮)। রেলওয়ে পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার যাত্রীরা নেত্রকোনার বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বাসিন্দা।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, আটককৃত দুই যুবককে পরবর্তীতে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ