মতামত

বারসিকের উদ্যোগে আটপাড়ায় ‘গ্রিন কোয়ালিশন’ কমিটি গঠন

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২০ নভেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
news image

প্রাণ-প্রাকৃতি-প্রাকৃতিক বন নদী জলাভূমি সুরক্ষায় "সবুজ মানুষের সংগ্রহে "ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি সুরক্ষা এখন সময়ের দাবি—এ স্লোগানকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক–এর সহযোগিতায় নেত্রকোনার আটপাড়া উপজেলায় ‘গ্রিন কোয়ালিশন’ আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর, প্রভাষক সাজেদুর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

 এতে উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, স্থানীয় কৃষক, শিক্ষক, যুবক, শিক্ষার্থী, নারী নেত্রী, জেলে, কামার–কুমার, কাঠমিস্ত্রি, ক্ষুদ্র কুঠির শিল্পী, কবিরাজসহ বিভিন্ন পেশার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রানা খান ও সাংবাদিক সৈয়দ মাকসুদুল হক।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের দ্রুত অবক্ষয় বিশ্বব্যাপী গভীর সংকট তৈরি করেছে। প্রাণ–প্রকৃতি সুরক্ষায় এখনই সমন্বিত ও জরুরি পদক্ষেপ নেওয়া না হলে মানবজাতির ভবিষ্যৎ বড় ধরনের হুমকির মুখে পড়বে।

গ্রিন কোয়ালিশনের নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক সাজেদুর রহমান সেলিম বলেন,

“অনিয়ন্ত্রিত শিল্পায়ন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, বন উজাড় ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহারে পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়ার প্রবণতা তীব্রতর হচ্ছে। প্রকৃতি বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো অত্যন্ত জরুরি।”

সাংবাদিক সৈয়দ মাকসুদুল হক বলেন,

“প্রতিটি মানুষের জীবনধারায় সচেতন পরিবর্তন আনা ও সরকার–আন্তর্জাতিক সংস্থাগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধ্য করা প্রয়োজন। প্লাস্টিক বর্জন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বনায়ন এবং পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ—এগুলোই সংকট মোকাবিলার প্রধান উপায়। প্রকৃতি আমাদের লালন করে; এখন আমাদের দায়িত্ব তাকে রক্ষা করা।”

বক্তারা আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে প্রকৃতি সুরক্ষার আহ্বানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আলোচনা শেষে প্রভাষক সাজেদুর রহমান সেলিমকে সভাপতি এবং পার্বতী রাণী সিংহকে সদস্য–সচিব করে ১৫ সদস্যের ‘গ্রিন কোয়ালিশন’ উপজেলা নির্বাহী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বতী রাণী সিংহ।

সর্বশেষ