ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার পাঁচমাইল টাওয়ার মোড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ–২০২৫ এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে মহানা স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে পরাজিত করে জয়ী হয় জিয়ান স্পোর্টিং ক্লাব।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে জিয়ান স্পোর্টিং ক্লাব। ওপেনারদের দৃঢ়তার সঙ্গে একের পর এক বাউন্ডারি–ছক্কায় জমে ওঠে ম্যাচের উত্তেজনা। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন মোঃ মোস্তাকিম। তাঁর বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই জিয়ান স্পোর্টিং ক্লাব বড় রানের ভিত্তি গড়ে। পারফরম্যান্সের জন্য তিনি নির্বাচিত হন ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ)।
বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে মহানা স্পোর্টিং ক্লাব। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় খেলায় ফিরতে পারেনি দলটি। অধিনায়ক মোঃ আকরাম হোসেন দলকে টেনে নেওয়ার চেষ্টা করলেও জিয়ান স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রিত বোলিং সামনে ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি।
উৎসবমুখর পরিবেশে দর্শকদের ভিড়: ম্যাচটিকে কেন্দ্র করে পাঁচমাইল টাওয়ার মোড় এলাকায় সৃষ্টি হয় উৎসবের আবহ। মাঠের চারপাশে ছিলো দর্শকদের ঢল। তরুণ সমাজের পাশাপাশি প্রবীণ ক্রীড়াপ্রেমীরাও উপভোগ করেন এই প্রীতি ম্যাচ। স্থানীয় বাসিন্দারা জানান—এ ধরনের আয়োজন এলাকায় ক্রীড়া চর্চায় নতুন প্রাণ সঞ্চার করে এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম আজাদ (রুবেল), সাধারণ সম্পাদক, শহীদ জিয়া স্মৃতি সংসদ, বাগমারা ইউনিট। প্রধান অতিথি ছিলেন রোকনুজ্জামান সরকার রোকন, সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল বিএনপি।
এ ছাড়া উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী জিয়ান স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পরাজিত মহানা স্পোর্টিং ক্লাবকেও পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হয়।
বক্তারা বলেন—খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। পাঁচমাইল টাওয়ার মোড় যুব সমাজের এই আয়োজন স্থানীয় খেলাধুলাকে আরও এগিয়ে নেবে। নিয়মিত এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সর্বশেষ