নেত্রকোনা

চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যু

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
news image

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা অভিযোগ করেছেন—গুরুতর অসুস্থ অবস্থায় বারবার ডাকাডাকি করেও কর্তব্যরত চিকিৎসককে পাওয়া যায়নি।


জুয়েল মিয়া আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা এবং ইসলাম উদ্দিনের ছেলে।

স্বজনদের মতে, শ্বাসকষ্ট, জ্বর ও গলা ব্যথা নিয়ে তিনি ৯ ডিসেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তি করার পর চিকিৎসক একবার রোগীকে দেখে গেলেও পরবর্তী সময়ে আর খোঁজ নেননি। বুধবার রাত থেকে রোগীর অবস্থা অবনতি হতে থাকলে নার্স ও স্বজনরা বহুবার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে ডাকলেও তিনি সাড়া দেননি।


কর্তব্যরত নার্স বলেন, “রোগীর অবস্থা খারাপ হচ্ছিল। আমরা স্যারকে বহুবার ডাকছি, কিন্তু তিনি আসেননি। অন্তত একবার রোগীটাকে দেখে গেলেও হয়তো এমন হতো না—এটা অত্যন্ত দুঃখজনক।”

রোগীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাতেই ওই চিকিৎসক কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল স্টেশন ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার দায় স্বীকার করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ডা. আজিমুল সাদাত সুমনের বিরুদ্ধে কর্তব্য অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এ ঘটনার পর আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ও জবাবদিহিতা নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও প্রশ্নের ঝড় উঠেছে।

মানুষের জীবনরক্ষার সর্বশেষ আশ্রয়স্থল যদি এমন অবহেলায় আচ্ছন্ন থাকে—তবে সাধারণ মানুষের ভরসা কোথায় থাকবে, এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে এলাকাজুড়ে।

সর্বশেষ