সারাদেশ

ডিআইজি ও সাংবাদিকদের মানহানি'র অভিযোগে মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক ঢাকা ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
news image

সামাজিক যোগাযোগমাধ্যমে ডিআইজি ড. আশরাফুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মো. খায়রুল আলম রফিক। তিনি রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মনগড়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিল। এ ঘটনায় মোট ৯টি ফেসবুক আইডির মালিককে মামলার আসামি করা হয়েছে।

সূত্র জানায়, মামলা দায়েরের আগে একই ঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ নিয়মিত মামলা রুজু করে।


মামলার পর গতকাল ২৮ জানুয়ারি রমনা থানা পুলিশ ময়মনসিংহে অভিযান চালিয়ে নগরীর থানা ঘাট এলাকা থেকে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা সেলিম সাজ্জাদ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।


পুলিশ আরও জানায়, মামলার অপর আট আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্যতা, উদ্দেশ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম সাজ্জাদ অতীতে যুবলীগের একজন কর্মী ছিলেন। তবে বর্তমান মামলাটি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি করা হয়েছে কি না, তা যাচাই করে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ