ময়মনসিংহ

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার ময়মনসিংহে পদায়ন বাতিল

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৯ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
news image

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ ময়মনসিংহ জেলার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী পদে মো. ছাবের আলীর পদায়ন বাতিল করা হয়েছে।

গতকাল রোববার (২৯ জুন) এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ২৪ জুন জারি করা আদেশে মো. ছাবের আলীকে ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন দেওয়া হয়েছিল।

অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, মো. ছাবের আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুদকের পৃথক অনুসন্ধানও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমন অবস্থায় তাকে গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দেওয়ায় প্রশাসনিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।

এরপর এলজিইডি নতুন অফিস আদেশ জারি করে আগের পদায়ন বাতিল করে। নতুন আদেশে বলা হয়েছে, ২৪ জুন জারি করা পদায়ন আদেশ বাতিল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলেই বহাল রাখা হয়েছে।

যদিও পদায়ন বাতিলের বিষয়ে এলজিইডি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করেনি, তবে সংশ্লিষ্টদের মতে, বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও জনমতের পরিপ্রেক্ষিতেই অধিদপ্তর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

প্রশাসনিক বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অভিযোগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জনআস্থা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ