রাজনীতি

একই আসনে স্বামী-স্ত্রী নেত্রকোনা-৪ এ নির্বাচনী কৌশল না কি পারিবারিক দ্বন্দ্ব

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
news image

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র দাখিল করার পাশাপাশি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ফলে একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রীর একযোগে নির্বাচনী মাঠে নামা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় লুৎফুজ্জামান বাবর সশরীরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এর কিছুক্ষণ পর, বিকেল সাড়ে ৪টার দিকে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

নেত্রকোনা জেলা প্রশাসক ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি নিছক স্বামী-স্ত্রীর মধ্যে ভোটের প্রতিযোগিতা নয়; বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। তারা মনে করছেন, যদি কোনো কারণে আইনি জটিলতায় লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন বাতিল হয়ে যায়, তবে বিকল্প হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী নির্বাচনী দৌড়ে এগিয়ে আসবেন। প্রবীণ রাজনীতিবিদদের মতে, এটি ‘ব্যাকআপ ক্যান্ডিডেট’ কৌশলের একটি স্পষ্ট উদাহরণ।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন, যা তাকে এই আসনে একজন পরিচিত ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।


এবারের নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা জেলার রাজনীতিতে নারী নেতৃত্বের অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত বহন করে। তাহমিনা জামান শ্রাবণী ছাড়াও নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির নেতা জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার।

এছাড়া এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমানসহ আরও কয়েকজন।

সব মিলিয়ে নেত্রকোনা-৪ আসনের নির্বাচন এবার শুধু প্রতিদ্বন্দ্বিতামূলকই নয়, বরং কৌশল, সম্ভাবনা ও রাজনৈতিক বার্তায় ভরপুর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী ময়দান হিসেবে পরিণত হয়েছে।


সর্বশেষ