সারাদেশ

ফুলপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও যৌথ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার, ফুলপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ফুলপুর থানার অফিসার ইনচার্জসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ফুলপুর পৌরসভার বিভিন্ন এলাকা এবং রুপসী ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের দিন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট প্রদানের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জনসাধারণকে আশ্বস্ত করেন। যৌথ মহড়ার ফলে এলাকায় জনমনে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।

সর্বশেষ