ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত এক হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)। একই মামলায় অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের নুরুল হকের বাড়ির পাশে একটি বড়ই বাগানে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বল গিয়ে নুরুল হকের টিনের বেড়ায় লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে খেলায় বাধা দেন এবং ছেলেদের সেখান থেকে সরে যেতে বলেন।
পরে ছেলেদের স্বজনদের নিয়ে শাহবাজ মিয়াসহ তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল হকের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্না এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খালেকুজ্জামান।
সর্বশেষ