কৃষি ও প্রকৃতি
হাওরের বুকজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান কৃষকের চোখে স্বপ্ন আর প্রত্যাশার আলো। এমন উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার বৃহত্তম হাওরে বোরো ধান কাটার মৌসুমে কৃষকদের খোঁজখবর নিলেন নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
শনিবার (১১ এপ্রিল) সকালে মোহনগঞ্জ উপজেলার ডেঙ্গুড় হোতা হাওরে তিনি ধান কেটে কৃষকদের প্রতি সমর্থন জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র নিজ চোখে পরিদর্শন করেন।
ধান কাটার এই সময়কে ঘিরে হাওরজুড়ে তৈরি হয়েছে এক অনন্য আবহ—কাস্তের ঝংকার, বাতাসে ভেসে বেড়ানো ধানের গন্ধ আর কর্মব্যস্ত মানুষের ছন্দে প্রাণ ফিরে পেয়েছে পুরো জনপদ।
এ সময় এমপি লুৎফুজ্জামান বাবর বলেন,
“হাওরের কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার প্রকৃত নায়ক। তাদের ঘামে ভেজা এই সোনালি ফসলই আমাদের অর্থনীতির শক্ত ভিত গড়ে তোলে। কৃষকদের যেকোনো সমস্যার সমাধানে আমরা সবসময় পাশে আছি।”
পরিদর্শনের সময় কৃষকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে চলতি মৌসুমে আগাম ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটায় বিঘ্ন ঘটছে বলে জানান তারা। এতে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন কৃষকরা।
একজন কৃষক বলেন, এবার আগাম বৃষ্টি আমাদের চিন্তায় ফেলেছে। পানি নামতে দেরি হলে ধান নষ্ট হওয়ার ভয় আছে।
এ সময় এমপি দ্রুত পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও জানান।
নেত্রকোনার হাওরাঞ্চল দেশের অন্যতম বৃহৎ ধান ভান্ডার হিসেবে সুপরিচিত। বিশেষ করে ডেঙ্গুড় হোতা হাওর জেলার বৃহত্তম হাওরগুলোর একটি, যেখানে প্রতিবছর হাজার হাজার মণ বোরো ধান উৎপাদিত হয়। এই ধান স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্য সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধান কাটার মৌসুমকে ঘিরে হাওরাঞ্চলে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। কৃষকরা ব্যস্ত সোনালি ধান ঘরে তুলতে, আর সেই সঙ্গে তাদের মুখে ফুটে উঠছে পরিশ্রমের স্বস্তির হাসি।
স্থানীয়দের দাবি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, দ্রুত সরকারি ধান সংগ্রহ এবং কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকের এই হাসি আরও দীর্ঘস্থায়ী হবে।
সংশ্লিষ্টদের মতে, সময়োপযোগী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে নেত্রকোনার হাওরাঞ্চল ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সর্বশেষ