সারাদেশ
নেত্রকোনার মোহনগঞ্জে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটর ট্রেন সাতপাই বড় স্টেশন অতিক্রম করে মোহনগঞ্জ স্টেশনের অদূরে পৌঁছালে রেললাইন পারাপারের সময় ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ পাঠানো হবে। এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারীর বয়স প্রায় ৬০ বছর। তার হাতে শাখা-সিঁদুর থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী হতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত মৃত নারীর পরিচয় শনাক্ত এবং পরিবারকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
সর্বশেষ