সারাদেশ

লালপুরে শিক্ষা উপবৃত্তির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
news image

নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও মূলধারার সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন সভাপতিত্ব করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা খাতুন। এছাড়া নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া ও বাগাতিপাড়া উপজেলার সমাজসেবা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে আরও অংশগ্রহণ করেন ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়; এটি তাদের শিক্ষায় টিকে থাকা, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সমাজের মূলস্রোতে যুক্ত হওয়ার একটি কার্যকর মাধ্যম। সময়মতো উপবৃত্তি প্রাপ্তি নিশ্চিত হলে বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পায়, ঝরে পড়া কমে এবং অভিভাবকদের সচেতনতা বাড়ে।

বক্তারা উপবৃত্তি কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক লক্ষ্যভিত্তিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সহায়তায় বিদ্যালয়, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।

সর্বশেষ