ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে। সম্প্রতি দায়িত্ব নেওয়া পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশনায় নগরজুড়ে শুরু হয়েছে জোরালো সাঁড়াশি অভিযান। পুলিশের একাধিক টিমের সমন্বয়ে চলমান এই অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)-এর তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকে অভিযান চালিয়ে মাদক কারবারিদের ধরতে সক্রিয় রয়েছে পুলিশের বিশেষ টিম। সাম্প্রতিক এক অভিযানে ১,০০০ পিস ইনজেকশনসহ একটি বড় চালান জব্দ করা হয় এবং এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাটি নগরজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ময়মনসিংহ নগরীতে প্রায় ৩০০ জনের বেশি মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে। তবে গত এক সপ্তাহের অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এতে মাদক সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠলেও সাম্প্রতিক অভিযানে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অভিজ্ঞ কর্মকর্তাদের সম্পৃক্ততা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক নির্মূলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।
এ বিষয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, “নগরীতে হয় মাদক থাকবে, না হয় আমি থাকব। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
সর্বশেষ