সারাদেশ
স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও মানববন্ধনের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান-এর বদলি আদেশ বাতিল করেছে। গতকাল বুধবার বিকেলে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এর আগে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়। আদেশের পরদিন সকালে বদলি প্রত্যাহারের দাবিতে কলমাকান্দা উপজেলায় মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনের কয়েক ঘণ্টা পর প্রথমে বদলি আদেশ বহাল রেখে তাৎক্ষণিক অবমুক্তির নির্দেশ স্থগিত করা হলেও পরে মন্ত্রণালয় পুরো বদলির আদেশই বাতিল করে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ইউএনও মাসুদুর রহমানের বদলির আদেশ বাতিল করেছে।
জানা যায়, গত শনিবার কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজারে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ইউএনওর প্রতি আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে সমালোচনার প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় লেংগুড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে।
স্থানীয়দের ভাষ্য, আইন অনুযায়ী দায়িত্ব পালন করায় একজন প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা অনুচিত ছিল এই ঘটনাপ্রবাহ প্রশাসন ও স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সর্বশেষ