সারাদেশ
কীটনাশকমুক্ত নিরাপদ কৃষি নিশ্চিত করতে নেত্রকোনায় গ্রাম আলোচনাসভা ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
(০৩ ডিসেম্বর) বুধবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় জেলা গ্রিন কোয়ালিশন কমিটি ও সদর উপজেলার মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার জনাব শামীম রেজা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, তানভীর হায়াত খান এবং
বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। কর্মসূচিতে কৃষক, শিক্ষক, যুবকসহ স্থানীয় অনেকেই অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক সায়েদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা কীটনাশকের ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তুলে ধরেন। কৃষক শাহজাহান মিয়া বলেন, “আমরা ফসলে অনেক বিষ ব্যবহার করি, মাটি আগের মতো নেই। যেদিন বিষ ছিটাই, সেদিন রাতে ঘুম হয় না।”
পৌর কমিশনার শামীম রেজা বলেন, “আমাদের জৈবকৃষি চর্চা বাড়াতে হবে। রাসায়নিকের ব্যবহার কমানো না গেলে ভবিষ্যতে মাটি–পানি–বায়ু সবই দূষিত হয়ে পড়বে।”
সভায় বক্তারা জানান, নিষিদ্ধ কীটনাশক এখনো বাজারে পাওয়া যাচ্ছে, যা পরিবেশ ও মানুষের জন্য মারাত্মক হুমকি। এসব বিপজ্জনক কীটনাশকের আমদানি ও বিক্রি বন্ধ, প্রাকৃতিক কৃষিতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং নিরাপদ কৃষি নিশ্চিতের দাবি জানিয়ে কৃষকবন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
গণস্বাক্ষরে অংশগ্রহণকারীরা কীটনাশকমুক্ত নিরাপদ কৃষি চর্চার অঙ্গীকার করেন।
সর্বশেষ