সারাদেশ

মোহনগঞ্জে আনন্দমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
news image

আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ১০টা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ৬১টি জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিন পার্বত্য জেলায় আগামী ১৭ এপ্রিল এ পরীক্ষা নেওয়া হবে।

বিভিন্ন জটিলতা ও বিলম্ব কাটিয়ে অবশেষে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আনন্দমুখর পরিবেশে পরীক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

মোহনগঞ্জ উপজেলার ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি কিন্ডারগার্টেন থেকে মোট ৬৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র ছিল মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম।

তবে সরেজমিনে দেখা যায়, নিবন্ধিত ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪১৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকি ২৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে হল সুপার মো. আব্দুল হালিম বলেন, “প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।”

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, “২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষা সময়মতো না হওয়ায় অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে এবং নতুন শ্রেণির পড়াশোনায় ব্যস্ত রয়েছে। এ কারণেও অংশগ্রহণের হার কমেছে।”

সর্বশেষ