সারাদেশ

মোহনগঞ্জে জুন মাসে মাদকবিরোধী অভিযানে ২১ জনের কারাদণ্ড

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ২৯ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জে চলতি বছরের জুন মাসজুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জন মাদকসেবী ও মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদকসহ হাতেনাতে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদেরের নেতৃত্বে পরিচালিত আদালত তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শেখ মুজিবর রহমান, হারুন অর রশিদ, পলাশ মিয়া, সাফায়েত উল্লাহ, রিপন খান, নবাব মিয়া, কাজল মিয়া, পরিমল রবিদাস, জগবন্ধু চন্দ্রদাস, লেলিন সরকার, সানোয়ার হোসেন, মহন হাসান, আরমান মিয়া, শহিদুল হক, রুকন মিয়া, নজরুল ইসলাম, তুষার মিয়া, কাউসার আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুম মিয়া এবং সাকিব খান পাঠান অঙ্কন।

আদালতের রায়ে কাজল মিয়াকে সর্বোচ্চ পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জগবন্ধু চন্দ্রদাসকে চার মাস, পরিমল রবিদাস, লেলিন সরকার ও সাকিব খান পাঠান অঙ্কনকে তিন মাস এবং মাসুম মিয়া ও জহিরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের অপরাধের ধরন অনুযায়ী তিন দিন থেকে ২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া পলাশ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩৫ হাজার টাকা অর্থদণ্ড এবং লেলিন সরকারকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৯ জুন) মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল রহমান হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুন মাসে ২১ জনকে সাজা দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতন হতে হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ