অপরাধ

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের দণ্ড

সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে চার মাদকসেবীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

আটকের পরপরই মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন–মোহনগঞ্জ উপজেলার পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া (২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), সাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন (২২) এবং পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে মো. সাগর আকন্দ (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে সুজন মিয়াকে দুই মাস, ইয়াছিনকে ১৫ দিন, মাছুম মিয়াকে ১৫ দিন এবং সাগর আকন্দকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, এটি একটি বাণিজ্যিক এলাকা। অভিযুক্তরা সন্ধ্যার পর ওই এলাকায় জড়ো হয়ে নিয়মিতভাবে মাদক সেবন করতো, যা এ এলাকার সামাজিক ও বাণিজ্যক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই মাদকসেবন বা মাদক সংশ্লিষ্ট অপরাধকে ছাড় দেওয়া হবে না।”

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ