ময়মনসিংহ

ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
news image

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ময়মনসিংহ স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। স্টেডিয়ামজুড়ে শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত ও বর্ণিল আবহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবদুল্লাহ্ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলমগীর হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা, ময়মনসিংহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল মামুন বলেন,

“খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে। মাঠমুখী তরুণরা মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। আগামী প্রজন্মকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়াচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর না হয়ে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন,“ফুটবল আমাদের জাতীয় আবেগের প্রতীক। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ সময় বিভিন্ন কলেজের খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক, অভিভাবক, জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় জেলার বিভিন্ন কলেজের দল। আয়োজকরা জানান, ধাপে ধাপে বাছাইপর্ব শেষে বিজয়ী দলগুলো বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।

ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ