ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে অধিগ্রহণকৃত ভূমি এবং ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রস্তাবিত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকার নকশা, ভূমির অবস্থান, অধিগ্রহণ প্রক্রিয়ার অগ্রগতি ও বাস্তবায়ন সম্ভাবনা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আনন্দ পত্রিকাকে জানান, ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন হলে এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে শিল্প, ব্যবসা ও আবাসিক খাতে গ্যাস সুবিধা সম্প্রসারিত হবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত যেকোনো জটিলতা দ্রুত ও স্বচ্ছভাবে সমাধানের জন্য জেলা প্রশাসন কাজ করছে এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের নির্ধারিত সময়সূচি মেনে চলার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা, প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গেও জেলা প্রশাসক মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব শোনেন।
ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন ও গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন হলে পুরো অঞ্চলের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সর্বশেষ