ময়মনসিংহ

ময়মনসিংহে ধর্ষণের অভিযোগের জেরে যুবককে গলা কেটে হত্যা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৫ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
news image

ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রাজিব আহমেদ ওরফে রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি সম্প্রতি নগরীর একটি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে ওই বাসায় থাকতেন। এরই মধ্যে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হন। অভিযোগ রয়েছে, ঘটনার পর ওই নারীর চার ছেলে ক্ষুব্ধ হয়ে রুবেলের ওপর হামলা চালায়। পরে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ধর্ষণের অভিযোগের ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ