ময়মনসিংহ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি কমব্যাট পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় বিএনপির এক নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তারকৃত বিএনপি নেতার নাম আজিম উদ্দিন (৪৩)। তিনি গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার সহযোগী চমন মণ্ডল (৩৫) একই ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌর শহরের রাঘাইচটি এলাকায় কামরুজ্জামান নামের এক ব্যক্তির ভাড়া বাসায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল, ওই বাসায় নিয়মিত মাদক সেবন ও কেনাবেচা হয়ে থাকে।

অভিযানকালে বাসা থেকে একটি কমব্যাট পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি কার্তুজ, তিনটি গুলি, ১৫টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই আজিম উদ্দিন ও চমন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল করিম অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে এবং কী উদ্দেশ্যে আনা হয়েছে—এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও আসামিরা কোনো তথ্য দিচ্ছেন না। তিনি আরও জানান, পুলিশ উভয় আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত রিমান্ড শুনানি না করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তদন্তের মাধ্যমে অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ