নারী ও শিশু
ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী মজিবুর রহমানের বিরুদ্ধে। গত রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর স্বামী ওয়াসিম মিয়া নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পরদিন ১ ডিসেম্বর স্থানীয় মাতব্বররা সালিশ বৈঠকের আয়োজন করলেও কোনো সমাধান দিতে ব্যর্থ হন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।
থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রাত সাড়ে ৭টার দিকে গৃহবধূ বসতঘরের পাশে সাবমারসিবল মোটরে হাত-মুখ ধোয়ার জন্য গেলে অভিযুক্ত মজিবুর রহমান হঠাৎ পিছন থেকে মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ভবনে নেওয়ার চেষ্টা করে। গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা দৌড়ে এলে মজিবুর পালিয়ে যায়।
ভুক্তভোগীর জা সুমা আক্তার বলেন, “মজিবুর দীর্ঘদিন ধরে এলাকায় খারাপ আচরণের জন্য পরিচিত। আমার ছোট জাকেও অতীতে হেনস্তা করার চেষ্টা করেছিল। এখন স্থানীয় কিছু লোকের সহায়তায় আমাদেরকেই হুমকি দিচ্ছে।”
গৃহবধূ নিজেও অভিযোগ করেন, “এর আগেও প্রায় সাত মাস আগে আমাকে ঘরে একা পেয়ে জড়িয়ে ধরেছিল। আমি চিৎকার দিলে পালিয়ে যায়। গত সপ্তাহে আবার মুখ চেপে ধরে এক পরিত্যক্ত বিল্ডিংয়ে নেওয়ার চেষ্টা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত মজিবুর রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী শরিফা আক্তার জানান, “স্বামীর বিরুদ্ধে অভিযোগ শুনেছি, তবে সত্য-মিথ্যা জানি না। দুই দিন আগে তিনি বেড়াতে গেছেন।”
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সম্রাজ মিয়া বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষ