সারাদেশ
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নান্দাইল মুক্ত দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে নান্দাইল চৌরাস্তায় ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির আয়োজনে মিনি ম্যারাথনটি নান্দাইল চৌরাস্তা থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিভিন্ন বয়সের মোট ৬০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। ৬ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে মো. ইমরান হাসান, মো. তাহাবুর ইসলাম ও মো. শরিফ মিয়া বিজয়ী হন।
পরে বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা দেওয়া হয়।
ম্যারাথনে অংশগ্রহণকারী বরকত উল্লাহ বলেন, “এই প্রথম নান্দাইল মুক্ত দিবসে মিনি ম্যারাথনের আয়োজন করা হলো। অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবছর এমন আয়োজন হওয়া উচিত।”
আয়োজক সংগঠন নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সাধারণ সম্পাদক মো. রিদয় হাসান বলেন, “১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস স্মরণীয় রাখতে আমরা এই মিনি ম্যারাথনের আয়োজন করেছি।”
সর্বশেষ