সারাদেশ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ক্যাম্পেইন–২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আয়োজিত এ সভায় ক্যাম্পেইনের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ, দায়িত্ব বণ্টন এবং কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ক্যাম্পেইন পরিচালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. কল্যাণী রাণী ঘোষ। সঞ্চালনায় ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অলক কান্তি তালুকদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিউল আলম, রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. দ্বিজেশ রঞ্জন ভৌমিক এবং সাংবাদিক মো. কামরুল ইসলাম রতন। এছাড়াও নার্সদের পক্ষ থেকে রেহেনা খানম, রিনা পাল, নূরে ফারজানা, বেলী আক্তার এবং পরিসংখ্যানবিদ মো. মুশফিকুর রহমান বকুল সভায় অংশ নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো স্ক্রীনিং নিশ্চিত করা গেলে জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ সম্ভব হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও মাঠপর্যায়ে কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সর্বশেষ