নারী ও শিশু
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিহরকান্দা এলাকার কালিহর নদীতে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান (পিপিএম) এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মৃতদেহটি একটি নবজাতক কন্যাশিশুর। লাশটি একটি কালো শার্টে মোড়ানো ছিল এবং লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদেহটি পানির নিচে তলিয়ে রাখার উদ্দেশ্যেই ইটের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সর্বশেষ