অপরাধ

নেত্রকোনায় ৬০০ বোতল ভারতীয় মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
news image

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ (ফেন্সিডিল সদৃশ)সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে একই দিন ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।

জেলা পুলিশ জানায়, চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ মাদক অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালায়। সোমবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরুঙ্গা এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে বুরুঙ্গা ভাঙা ব্রিজ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

তাদের হেফাজতে থাকা চারটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬০০ বোতল ‘ফেয়ারডিল’ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ