সারাদেশ
নেত্রকোনা সদর উপজেলায় আজ (২২ ডিসেম্বর ২০২৫) তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। মেলাটি আয়োজন করেছে নেত্রকোনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় অংশগ্রহণ করেছে বারসিক, কাইলাটি ও বিশ্বনাথপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টার, সুন্দরবন নার্সারী এবং ইস্পাহানী জৈব বালাইনাশক কৃষি উপকরণ কোম্পানি।
মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক জনাব আমিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, বারসিক ও অন্যান্য সহযোগী সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় কৃষক ও কৃষাণী প্রমূখ।
উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন এবং কৃষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় নাসার্রী স্টলে প্রদর্শন করা হয় বৈচিত্র্যময় সবজি, ফুল ও ফলের গাছ। বারসিক ও কাইলাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে রাখা হয়েছে ৫০ জাতের স্থানীয় ধানের বীজ, বিভিন্ন সবজি বীজ, ২০ ধরণের অচাষকৃত খাদ্য উদ্ভিদ এবং নেত্রকোণার বিভিন্ন এলাকার মাটি ও বালির নমুনা। এছাড়া রাসায়নিক কীটনাশক-মুক্ত এবং জৈব কৃষি বিষয়ক বিভিন্ন ফেস্টুন প্রদর্শিত হয়েছে। ইস্পাহানী কোম্পানি জৈব বালাইনাশক কৃষি উপকরণ প্রদর্শন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক ও জৈব কৃষির বিভিন্ন উপকরণ যেমন সার, বালাইনাশক, বীজ, সবজি ও শস্য ফসল প্রদর্শনের মাধ্যমে কৃষকদের কৃষি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছে।
সর্বশেষ