আইন-আদালত

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
news image

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাতে সিএনজিচালিত অটোরিকশায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক ব্যক্তির নাম জিল্লুর রহমান (৪৪)। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দক্ষিণ নন্দরামপুর গ্রামের বাসিন্দা।

সোমবার (১৩ এপ্রিল) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা–সান্দিকোনা সড়কের দামিনা মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অটোরিকশার পেছনের অংশে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদকসহ সিএনজিচালক জিল্লুর রহমানকে আটক করা হয়।

অভিযান শেষে ডিএনসি কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ