নেত্রকোনা
নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১৪ ডিসেম্বর, রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান—বুদ্ধিজীবীদের হত্যা করে। এই বর্বর হত্যাকাণ্ড ছিল স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার এক নৃশংস ষড়যন্ত্র।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সর্বশেষ