ময়মনসিংহ

নিউজ ডিলেট না করলে মেরে ফেলবো: অম্বিকাগঞ্জ কলেজ নিয়ে সংবাদ প্রকাশে হত্যার হুমকি

আনন্দ পত্রিকা ডেস্ক। ২২ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
news image

ময়মনসিংহ সদর উপজেলার অম্বিকাগঞ্জ কলেজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একাধিক ফেসবুক পেইজ ও ফেক আইডি পরিচালনার অভিযোগ উঠেছে কলেজ সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও তাদের অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কলেজটির শিক্ষক হিসেবে পরিচিত “রাসেল মাস্টার”-এর অনুসারী ছাত্রদের মাধ্যমে ৪০টিরও বেশি ফেসবুক পেইজ ও ফেক আইডি পরিচালিত হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, এসব আইডি বিভিন্ন বেনামে ও ছদ্মনামে পরিচালিত হলেও নিয়ন্ত্রণে রয়েছেন রাসেল মাস্টারসহ আরও কয়েকজন। অভিযোগে উঠে এসেছে আবির আনন্দ, খুকু মনি, আনিসা তাসনুম, মাসুদ রানা, সুপটি আক্তার, আকাশ, আনোয়ার হোসেন, নাইম ইসলামসহ আরও অনেকের নাম।

গত (২০ মে) অম্বিকাগঞ্জ কলেজ ও রাসেল মাস্টারকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রতিবেদককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদক মাহমুদুল্লাহ রিয়াদের দাবি, বিভিন্ন ফেসবুক পেইজ ও আইডি থেকে তাকে একের পর এক ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, সংবাদ প্রকাশিত পোস্ট ডিলেট না করলে শহরে যাওয়ার সময় “জেলখানার ঘাটসহ বিভিন্ন  এলাকায় হামলার হুমকি দেওয়া হয়। এছাড়াও “কলেজ নিয়ে উল্টাপাল্টা লিখলে প্রাণে মেরে ফেলা হবে” বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে। হুমকি ও ভয়ভীতির ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাংবাদিকদের মতে, অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে একজন সংবাদকর্মীকে হত্যার হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা বলছেন, এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘবদ্ধভাবে অপপ্রচার, ভয়ভীতি ও হুমকি দেওয়ার সংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

সর্বশেষ