সারাদেশ

ন্যায্যমূল্যের কার্ডের প্রলোভনে টাকা আদায়: নেত্রকোনায় আটক ৫

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
news image

নেত্রকোনায় ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চল্লিশা ইউনিয়নের ঝাউশি এলাকার মোশারফ হোসেন (৩০), সপ্না (৪০), নাইম (২৫), মীম (২০) এবং পারলা এলাকার জুয়েল মিয়া (২৫)। তবে পুলিশ পৌঁছানোর আগেই একই এলাকার তাদের সহযোগী রুনা আক্তার (২৫) পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘আশক ফাউন্ডেশন’ নামে কথিত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরিচয়ে একটি চক্র সদর উপজেলার বিভিন্ন গ্রামে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ও বেসরকারি চিকিৎসা সেবায় ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতি কার্ডের জন্য ১২০ টাকা করে আদায় করছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন। পরে চেয়ারম্যানের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালিজুড়ি গ্রাম থেকে হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কার্যক্রম পরিচালনার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন বলেন, গত কয়েকদিন ধরে তারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ১২০ টাকার বিনিময়ে ন্যায্যমূল্যের পণ্যের কার্ড দিচ্ছিল। প্রশাসনিক অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তারা উপজেলা থেকে অনুমতি নেওয়ার কথা জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হই এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের সহযোগিতায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ