ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড়ে চুরি, ছিনতাই ও মাদক কারবার রোধে সাঁড়াশি অভিযান ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।
পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে বিকেল ৪টার দিকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে গাঙ্গিনারপাড় এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই ও মাদক সংক্রান্ত অভিযোগ বৃদ্ধির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। নগরবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিবসহ থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্যরা। অভিযান চলাকালে বিভিন্ন স্পটে চেকপোস্ট বসানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে চুরি-ছিনতাই ও মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ