সারাদেশ

অসহায় অর্ধশতাধিক পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিল ‘জনতার ঈশ্বরগঞ্জ’

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমূল, দুস্থ ও অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’। মানবিক এই উদ্যোগে উপকৃত পরিবারগুলোর মাঝে বইছে ঈদের আগাম আনন্দের ছোঁয়া।

বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অলিগলি ঘুরে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সরাসরি অসহায় মানুষের হাতে পৌঁছে দেন ব্যাগভর্তি ঈদ উপহার। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে সৃষ্টি হয় স্বস্তি ও আনন্দের পরিবেশ।

সংগঠনের সদস্যরা জানান, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘জনতার ঈশ্বরগঞ্জ’ প্রতি ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ঈদ উপহার সামগ্রীর প্যাকেজে ছিল সয়াবিন তেল, চাল, ডাল, মুরগির মাংস, সেমাই, চিনি, নুডুলস, পেঁয়াজ, লবণ, সাবান ও মেহেদি।

সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, ঈদের বাজার নিয়ে যখন দুশ্চিন্তা ছিল, ঠিক সেই সময় এই সহযোগিতা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এতে তারা পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।

এসময় সংগঠনের সদস্য আশরাফুল হক আসিফ, শরিফুল আলম, মাসুম আহমেদ, বায়েজিদ হাসান, ফারুক আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক ও অ্যাডমিন আরিফুল হক বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সর্বশেষ