ময়মনসিংহ
ময়মনসিংহের চরাঞ্চলের বিভিন্ন এলাকায় টানা দুইদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিপাত কিংবা ছোটখাটো গাছপালা বিদ্যুৎ লাইনের ওপর পড়লেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। অভিযোগ জানালেও অম্বিকাগঞ্জ জোনাল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় না।
জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরানগঞ্জের অম্বিকাগঞ্জ জোনাল অফিসের অধীনে বিদ্যুৎ সেবা কার্যক্রম পরিচালিত হয়। সেখানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন আবু তাহের। তবে গ্রাহক আবদুল কাদিরের অভিযোগ, অফিসে একাধিকবার ফোন করলেও তারা কাঙ্ক্ষিত সেবা দিচ্ছে না।
মীরকান্দাপাড়া গ্রামের বাসিন্দা মুঞ্জুরুল হক বলেন, “সরকার যেখানে শহর-গ্রামে সমান বিদ্যুৎ সুবিধার কথা বলেছে, সেখানে আমরা দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় আছি। বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। অভিযোগ কেন্দ্রে ফোন দিলে তারা গুরুত্ব দেয় না। নিয়মিত গাফিলতির কারণে মানুষ দুর্ভোগে পড়েছে।”
ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা মোবারক হোসেন বলেন, “আমাদের এলাকায় তো বিদ্যুৎ একদমই থাকে না। লাইনে সমস্যা হলে কল দিয়ে জানালেও দ্রুত লোকজন আসে না। পরানগঞ্জ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে আমরা আছি। পাসের গ্রাম চর বওলা কারেন্ট থাকে কিন্তু আমাদের গ্রামে থাকে না।
স্থানীয়দের দাবি, ময়মনসিংহ চরের অন্তত পাঁচটি ইউনিয়নের মানুষ বর্তমানে বিদ্যুৎ সংকটে রয়েছেন। সিরতা, বোররচর, বালিখা, ছাতিয়ানতলাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল-কলেজ শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যবহার এবং দৈনন্দিন কাজেও দুর্ভোগ বেড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণে অবহেলা ও দ্রুত তদারকির অভাবের কারণেই সামান্য দুর্যোগেও পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে অম্বিকাগঞ্জ জোনাল অফিসের ইনচার্জ আবু তাহেরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চরাঞ্চলের মানুষের বিদ্যুৎ ভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, “চরাঞ্চলের মানুষ যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পায় সে বিষয়ে আমরা আন্তরিক। কোথাও গাফিলতি বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-৩ কর্তৃপক্ষ বলছে, “বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত মেরামত কার্যক্রম পরিচালনার জন্য অম্বিকাগঞ্জ অভিযোগ কেন্দ্রে বলা হয়েছে।
সর্বশেষ