খেলাধুলা
মাঠজুড়ে ছোট ছোট পায়ের ছুটে চলা, গোলের আনন্দে ভেসে ওঠা হাসি আর দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে যেন ফিরে এলো সবার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি।
সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে গোলকাপ ফুটবল টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় আটপাড়া উপজেলা-র সুখারী ইউনিয়ন-এর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (২০ এপ্রিল ২০২৬) নাজিরগঞ্জ হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সবুজ মাঠে ছোট ছোট পায়ের দৌড়,শি শুদের খেলায় মুগ্ধ হলো গ্রামের মোড়।গোলের আনন্দে কাঁপে চারপাশের প্রাণ,খেলাধুলাই গড়ছে আগামীর নতুন বাংলাদেশ মহান।
সুখারী ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মাসুদ জামান খান, প্রভাষক ও ৭ নম্বর সুখারী ইউনিয়ন পরিষদের সদস্য। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন।
দীর্ঘ সময়ের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এমন আয়োজন শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ