কৃষি ও প্রকৃতি

প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই পাবেন সরকারি সহায়তা

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ০৯ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
news image

নেত্রকোনার মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (০৮ মে) তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার সহায়তা দিবে। তবে সেই তালিকা যথাযথভাবে প্রস্তুত হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই সরকারি সহায়তা পাবেন।”

তিনি আরও বলেন, বর্গাচাষিরাও এ সহায়তার আওতায় আসবেন। তবে যারা শুধু টাকা নিয়ে জমি বর্গা দিয়েছেন কিন্তু নিজেরা ক্ষতির সম্মুখীন হননি, তারা এ সহায়তা পাবেন না। অন্যদিকে, যেসব ক্ষুদ্র কৃষক নিজেদের জমি নিজেরাই চাষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাও সরকারি সহায়তা পাবেন বলে জানান তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরাঞ্চলের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়নে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তাই যারা সহায়তার প্রকৃত দাবিদার, কেবল তারাই এ সহায়তা পাবেন। ন্যায্যতার ভিত্তিতেই সহায়তা প্রদান করা হবে।”

পরিদর্শনকালে তিনি উপজেলার নওগাঁ, পশুখালি, হরিপুর, জৈনপুর, গাগলাজোর ও বরান্তর এলাকার কৃষকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। কিন্তু টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অধিকাংশ পাকা ও আধাপাকা ধান পানিতে তলিয়ে যায়।

এ অবস্থায় সরকারি সহায়তার আশ্বাস পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সর্বশেষ