সারাদেশ

প্রকৃতি বাঁচানোর আহ্বান: নেত্রকোণায় জলবায়ু পদযাত্রা ও স্মারকলিপি

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
news image

নেত্রকোণার মদন উপজেলায় শতবর্ষী ঐতিহ্যবাহী বৃক্ষ সংরক্ষণ এবং হাওরাঞ্চলের জলজপ্রাণ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে জলবায়ু পদযাত্রা, গ্রাম আলোচনা সভা এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে উপজেলার মনোহরপুর গ্রামের প্রায় ৩০০ বছর পুরোনো ঐতিহ্যবাহী শিমুল গাছের নিচে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রিন কোয়ালিশন কমিটির সদস্য, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় গ্রিন কোয়ালিশন কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, নেত্রকোণার গ্রামীণ জনপদে এখনো শতবর্ষী বৃক্ষ, নদী, খাল-বিল, হাওর, পুকুর এবং দেশীয় মাছ ও পাখির সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ টিকে রয়েছে। তবে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে জলমহাল, নদী-নালা, মাছের অভয়াশ্রম এবং দেশীয় মাছের প্রজাতি দ্রুত বিলুপ্তির পথে। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে জেলেদের ঐতিহ্যবাহী জীবন-জীবিকাও।

তিনি মদন উপজেলার মনোহরপুর গ্রামের ৩০০ বছরের শিমুল গাছ, জয়বাংলা বাজারের বটগাছ, কেশজানি গ্রামের বটগাছ, খালিয়াজুরি হাওরের হিজল গাছ, বরাটি গ্রামের গাব গাছ, বালইপাড়ের হিজল গাছ, উচিতপুর বাজারের বটগাছসহ উপজেলার ১৩টি শতবর্ষী বৃক্ষ সংরক্ষণ এবং নদী, খাল, বিল, হাওর ও পুকুর পুনঃখননের মাধ্যমে জলজ জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, শতবর্ষী বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এগুলো স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ সাক্ষী। অপরদিকে নির্বিচারে বৃক্ষ নিধন, জলাশয় ভরাট ও দূষণের ফলে দেশীয় মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

আলোচনা সভা শেষে পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী ও গ্রামবাসীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য জলবায়ু পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি মনোহরপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঐতিহ্যবাহী শিমুল গাছের নিচে এসে শেষ হয়।

পরে বারসিক ও গ্রিন কোয়ালিশনের প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে নেত্রকোণা জেলার সকল শতবর্ষী, ধর্মীয়, ঐতিহাসিক ও স্মারক বৃক্ষের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ এবং হাওরাঞ্চলের জলজপ্রাণ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে জেলার ঐতিহ্যবাহী বৃক্ষ, জলাশয় ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে।

সর্বশেষ