ময়মনসিংহ

রাস্তায় ঘুরে ঘুরে ট্রাফিক পুলিশের হাতে ইফতার তুলে দিলেন বিএনপি নেতা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৪ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
news image

সিয়াম সাধনার পবিত্র রমজান মাসে ব্যস্ত সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা অ্যাডভোকেট এম এ হান্নান খান।

বুধবার (৪ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট ঘুরে তিনি নিজ হাতে ইফতার বিতরণ করেন। নগরীর টাউন হল মোড়, নতুন বাজার, বাতিরকলসহ আশপাশের একাধিক পয়েন্টে দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রমজানের এই উদ্যোগে ট্রাফিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান বিএনপির এই নেতা। ব্যস্ত সড়কে রোদ-ধুলো উপেক্ষা করে দায়িত্ব পালন করা সদস্যদের হাতে ইফতার পৌঁছে দেওয়ার দৃশ্য উপস্থিত সাধারণ মানুষের নজর কাড়ে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট এম এ হান্নান খান বলেন, “পবিত্র রমজান মাসে দায়িত্ব পালনরত আমাদের পরিশ্রমী ট্রাফিক ভাইয়েরা সারাদিন রোদে-ধুলোয় দাঁড়িয়ে শহরের মানুষের চলাচল নিরাপদ রাখতে কাজ করেন। তাঁদের এই নীরব শ্রমের প্রতি সম্মান জানাতেই আমার এই ছোট উদ্যোগ। মহান আল্লাহ যেন তাঁদের রোজা কবুল করেন এবং সুস্থ-সুরক্ষিত রাখেন।”

নগরবাসীর মতে, দায়িত্ব পালনের সময় এমন আন্তরিক সহমর্মিতা কর্মরত সদস্যদের মনোবল বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ