ময়মনসিংহ

রিগ্যান হত্যার প্রতিবাদে চরপাড়া অচল: ক্ষুব্ধ জনতার অবরোধে থমকে শহর

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহ শহরের ব্যস্ততম চরপাড়া মোড়ে রিগ্যান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ সোমবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শুরু করে। দুপুর পর্যন্ত স্থায়ীভাবে অবরোধ চলমান রয়েছে, ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

প্রতিবাদকারীরা একটি বড় ব্যানার নিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। একাধিক বক্তা বলেন, “ফয়সাল আহমেদ রিগ্যানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।”

অবস্থানকারীরা অভিযোগ করেন, ঘটনাটি নৃশংসভাবে ঘটানো হলেও এখনো আসামিদের গ্রেফতার না করায় তারা ক্ষুব্ধ। তারা দাবি করেন, হত্যার মূল রহস্য উদ্ঘাটন করে সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এদিকে অবরোধের কারণে চরপাড়া মোড়–মেডিকেল কলেজ হাসপাতালের গেট এলাকা, মেডিকেল রোড, শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত যানচলাচল ব্যাহত হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এখনো অবরোধ তুলে নেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

স্বজনদের দাবি—রিগ্যান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার প্রভাব বা গড়িমসি না হয়, সেটি নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

ঘটনাস্থলে উত্তেজনা অব্যাহত রয়েছে, এবং অবরোধ কখন তুলে নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়।




সর্বশেষ