নেত্রকোনা
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে নেত্রকোণায় ছিল উৎসবের রঙিন ছোঁয়া, প্রাণের উচ্ছ্বাস আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধন। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সকালে শহরের প্রধান সড়কগুলোতে নেমে আসে রঙিন মানুষের ঢল। ঢাক-ঢোলের তালে তালে, পাখা-ঘুড়ি আর গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে বের হয় বৈশাখী শোভাযাত্রা। “এসো হে বৈশাখ, এসো এসো”—এই চিরচেনা আহ্বানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। তিনি শোভাযাত্রায় অংশ নেন এবং পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় তিনি বলেন,“বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আমাদের ঐক্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।”
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রামীণ লোকসংগীত, নৃত্য ও আবৃত্তিতে ফুটে ওঠে বাংলার শেকড়ের গল্প—পুরনো সব দুঃখ ভুলে, নতুন দিনের ডাকে,বৈশাখ আসে প্রাণে প্রাণে, রঙিন সুখের ফাঁকে।”
শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী এবং প্রবীণদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মানুষের উপস্থিতি যেন এক জীবন্ত বাঙালিয়ানা তুলে ধরে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে রঙ, সুর আর আনন্দে ভরপুর এ আয়োজন নেত্রকোণাবাসীর মনে নতুন বছরের আশা ও প্রেরণার বার্তা পৌঁছে দেয়।
সর্বশেষ