সারাদেশ
নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা–২ (সদর–বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে গ্রাম থেকে শহর—প্রশাসনের সব স্তরে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল বা ব্যক্তির প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না; নির্বাচনী আইন কঠোরভাবে মানা হবে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ডা. আনোয়ারুল হক বলেন, “বিশ্ববিদ্যালয় নির্বাচনসহ কোনো নির্বাচনের প্রভাব জাতীয় বা স্থানীয় নির্বাচন ব্যবস্থায় পড়বে না। দেশের মানুষ প্রগতিশীল রাজনৈতিক ধারণায় বিশ্বাসী এবং তাদের নেতৃত্বেই গণতন্ত্র এগিয়ে যাবে।”তিনি সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সব পক্ষের বক্তব্য নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
মাদকবিরোধী ক্যাম্পেইন প্রসঙ্গে তিনি জানান, জনগণকে সচেতন করতে ধারাবাহিক প্রচারণা চালানো হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা চলছে এবং ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক ও সক্রিয় করা হবে।
এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করা গেলে শিক্ষার সামগ্রিক পরিবেশ আরও মানসম্মত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন—নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মো. নুরুজ্জামান নূরু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি মো. সালাহ উদ্দিন খান মিল্কী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
এ ছাড়াও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ