সারাদেশ

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে দুর্গাপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করতে দুর্গাপুর উপজেলায় মতবিনিময় সভা ও সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) তিনি দুর্গাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, অবকাঠামোগত সুবিধা, ভোটকক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণসহ সার্বিক প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।”

এসময় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, ভোটগ্রহণ সামগ্রী পৌঁছানো, নির্বাচনী টিমের অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন, বিশেষ করে গ্রামীণ এলাকা ও নদীসংলগ্ন ভোটকেন্দ্রগুলোতে ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে করণীয় দিক নির্দেশ করেন।

পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সভায় কর্মকর্তারা দায়িত্ব বণ্টন, যোগাযোগ ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জাম মজুদ, ভোটের দিন মাঠপর্যায়ের করণীয়সহ সার্বিক দিক বিস্তারিত আলোচনা করেন।

সভা ও পরিদর্শন চলাকালে পুলিশ সুপার, নেত্রকোণা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা; উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুর; নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও তাঁদের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে ঘিরে সারাদেশেই প্রশাসনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনও ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নির্দেশনা জারি করেছে এবং মাঠপর্যায়ে সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ