ময়মনসিংহ

সদর আসনে পরিবর্তনের ডাক—ধানের শীষে জোয়ার

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহ-৪ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দকে নিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রতিদিনই এ আসনে ধানের শীষের পক্ষে জনসংযোগ, পথসভা, লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচার কার্যক্রম গতিশীল হচ্ছে।


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থী আবু ওয়াহাব আকন্দ নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় নেতাকর্মীরা জানান, সাধারণ ভোটারদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে প্রতিদিন।


স্থানীয় পর্যায়ে তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকাও বেশ চোখে পড়ার মতো। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শামীমের নেতৃত্বে তরুণ কর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায় করছেন। তাঁরা মনে করেন, পরিবর্তন, সুশাসন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জনগণ এইবার ধানের শীষকেই তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে।


সাব্বির হোসেন সামীম জানান, “ময়মনসিংহ-৪ আসনে জনগণের একটাই চাওয়া—নিরাপদ ভোটাধিকার, সুশাসন এবং জবাবদিহিমূলক সরকার।” তিনি আরও জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ততই বাড়ছে।

এ আসনে নীরব ভোটারদের মধ্যে পরিবর্তনের আগ্রহ বেশি বলে দাবি করছেন বিএনপি নেতারা। মাঠপর্যায়ের প্রচারণা আরও বেগবান করতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে টিমভিত্তিক কর্মসূচিও পরিচালিত হচ্ছে।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরাবরের মতো এবারও ময়মনসিংহ-৪ আসনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে তরুণদের উপস্থিতি ও জনগণের আগ্রহ বিএনপি প্রার্থীর পক্ষে নতুন মাত্রা যোগ করেছে বলে তারা মনে করছেন।

সর্বশেষ